
শেরপুর বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ - ১৫:৫২
• পঠিত: ১২ বার

বগুড়ার শেরপুরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রেজাউল করিম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা মাছবাহী পিকআপের চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপচালকসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহত রেজাউল করিম শেরপুর উপজেলার বাগড়া চকপোতা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে করতোয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন রেজাউল করিম। এ সময় বগুড়াগামী দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাঁকে চাপা দেয়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সামনে থাকা অজ্ঞাতনামা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই রেজাউল করিমের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপচালকসহ আরও দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।





