জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো শেরপুরে। 'সবুজ পৃথিবী গড়ি, পরিবেশ সুন্দর রাখি' এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বেলা ১১ টায় সুঘাট ইউনিয়নের জয়লা জোয়ান দুবলায় বিলে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জয়লা জোয়ান দুবলায় বিলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় ২০০টি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সুফলের লক্ষ্যে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারি রাস্তার দুই পাশে রোপণের জন্য আরও ৫০০টি বৃক্ষের চারা বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত থেকে এই সবুজ বিপ্লবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হাসান, সুঘাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক কে এম মানিক, ইউপি সদস্য মাসুদ রানা এবং ওয়ার্ড বিএনপি নেতা শামসুল হক, সোহেল রানা, জামি ও জাহিদ হাসান।
এছাড়াও উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জুলফিকার আলী ভুট্টো, ফজলুল হক, ইজ্জত ও রাশেদ কদমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধকরা জানান, বর্তমান বৈশ্বিক উষ্ণায়ন ও আবহাওয়া পরিবর্তনের এই সংকটময় সময়ে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দুবলায় বিল এলাকাকে সবুজ ও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার ধারে বিতরণকৃত এসব চারা আগামী দিনে এলাকার পরিবেশগত রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।