বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর পৃথক চার মামলায় ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুরের জগন্নাথপাড়ার শফিউল আলম বাবু (৪৮), উত্তরসাহাপাড়ার রানা শেখ (৪০), খন্দকারটোলার রেজাউল করিম (৩৬) এবং ধনকুন্ডি এলাকার গোবিন্দ কুমার দাস (২৬)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চারটি পৃথক মামলায় শফিউল আলম বাবুকে ৩০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রানা শেখকে ২০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রেজাউল করিমকেও ২০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি গোবিন্দ কুমার দাসকে ২০০ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার সদস্যরা এবং শেরপুর থানা-পুলিশ সহযোগিতা করে।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী করা মামলাগুলোর শুনানি শেষে তিনি এই দণ্ড দেন।