ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান ইইউএসটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান।
পরিদর্শনকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবকাঠামো, শিক্ষা কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।
পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা, বিজ্ঞান-প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়ে আলোচনা হয়।
ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ বলেন, আধুনিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ইইউএসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বিশ্ববিদ্যালয়টির উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেন।
এ সময় ইউজিসির সদস্যবৃন্দ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।