
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬ - ১৬:২৬
• পঠিত: ৫ বার

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে হামলা,নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী বিউটি পারভীন সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলার কোর্ট পিটিশন নম্বর-১৭৭।
ভুক্তভোগী বিউটি পারভীন সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। মামলা সূত্রে জানা যায়,মাদক সেবনে বাধা দেয়ায় একই গ্রামের সজল ও তার সহযোগীরা আব্দুল মান্নানের বাড়িতে অনধিকার প্রবেশ করে।এ সময় গরু বিক্রির এক লাখ ৭০ হাজার টাকা এবং বিউটি পারভীনের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী,ঘটনার পরদিন অভিযুক্তরা আব্দুল মান্নানের বসতবাড়ির পাশের কাঠ বাগানে বসে পুনরায় মাদক সেবন করতে থাকে। বাগানে প্রবেশ ও মাদক সেবনে নিষেধাজ্ঞা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আব্দুল মান্নান,তার স্ত্রী বিউটি পারভীনসহ পরিবারের সদস্যদের মারধর,ভয়ভীতি প্রদর্শন,হত্যা ও অপহরণের হুমকী দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযুক্তরা বাগানের গাছ কেটে ফেলা এবং বাড়িঘরে আগুন দেয়ার হুমকি দেয়। একই সঙ্গে আব্দুল মান্নানের ডিগ্রি প্রাপ্ত জমিতে স্থাপিত সরকারি সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকী দেয়া হয় বলে ভুক্তভোগী পরিবার দাবী করেছে।
ভুক্তভোগী আব্দুল মান্নান ও তার স্ত্রী বিউটি পারভীন ছিনতাই হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার,ঘটনার সুষ্ঠ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সজলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।এ ছাড়াও তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সলঙ্গা থানা পুলিশের একটি সূত্র জানায়,ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ তৎপর রয়েছে।অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
