ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের ভিজিডি/ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির নতুন তালিকা যাচাই-বাছাইয়ে দ্বৈত উপকারভোগী হিসেবে ৫১ জনের নাম বাদ পড়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ৫ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাদ পড়া ভিজিডি কার্ডধারী ও সংশ্লিষ্টদের নিয়ে এ বিষয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে ভিজিডি/ উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করার সময় দেখা যায়, কিছু ব্যক্তি এর আগে ২০২১-২২ ও ২০২৩-২৪ অর্থবছরেও একই ধরনের সরকারি সুবিধা গ্রহণ করেছেন।
পরবর্তীতে নতুন তালিকায়ও তাদের নাম অন্তর্ভুক্ত হয়। সরকারি নিয়ম অনুযায়ী একই ব্যক্তি পরপর একাধিক মেয়াদে এ সুবিধা পাওয়ার সুযোগ না থাকায় যাচাই-বাছাই শেষে ৫১ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।
সভায় বাদ পড়া কার্ডধারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্ড বাতিলের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। একই সঙ্গে দ্বৈত উপকারভোগী হিসেবে চিহ্নিত হওয়ার তথ্যও তাদের সামনে তুলে ধরা হয়।
আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, সরকারি নিয়ম ও নীতিমালা অনুসরণ করেই ভিজিডি/ উপকারভোগীর তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রকৃত সুবিধাবঞ্চিত নারীরা যাতে সরকারি এ সুবিধা পান, সে বিষয়টি নিশ্চিত করাই মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইউনিয়নবাসীর অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পরিষদ সচেষ্ট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও ধৈর্য কামনা করেন তিনি।
সভায় বাদ পড়া উপকারভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের বিষয়েও আলোচনা করা হয়।