
স্টাফ
রিপোর্টার
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ - ২৩:৩৩
• পঠিত: ৩ বার

নওগাঁর পোরশায় ওজন ও পরিমাপে কম দেওয়ার অপরাধে দুইটি ফিলিং স্টেশন এবং পণ্যের মোড়কজাত সংক্রান্ত অনিয়মের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্ট।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন, পোরশা, নওগাঁ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে পোরশা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন, সারাইগাছী মোড়কে ডিজেল পরিমাপে কম প্রদান এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে মেসার্স নাহার ফিলিং স্টেশন, আড্ডা রোড, কাতিপুর, সারাইগাছী মোড়কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মেসার্স আল মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, সারাইগাছি বাজারের ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা এবং মোড়কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করে বিক্রয়-বিতরণ করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্টটি পোরশা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে উপজেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
