বগুড়ার শেরপুরে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলীম ওই এলাকার বাসিন্দা। তিনি ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল আলীমের বাবা-মা ৫ বছর পূর্বে রংপুর থেকে এসে এখানে ভাড়া বাসায় থাকত এবং চিটাভাঙ্গা মিলে কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বাড়িতে ফিরে তারা গেট বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আব্দুল আলীমকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাটের ওপর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা।
পরে তাকে নিচে নামিয়ে খাটে শুইয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল আলীম শান্ত স্বভাবের ছিলেন। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলে তারা জানিয়েছেন। তার কোনো খারাপ অভ্যাসও ছিল না। তবে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে প্রেমঘটিত বিষয় বলে ধারণা করলেও এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান ঘটনাটি জানার পর এলাকায় গগ্রাম পুলিশ পাঠানো হয়েছিল এ ধরনের মৃত্যু কোনভাবে কাম্য নয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।