রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছেন মীর মনির হোসেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) অপরাহ্ণে তিনি রাজবাড়ী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
মীর মনির হোসেন ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
জানাগেছে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।
তিনি বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের স্থলাভিষিক্ত হবেন, তাকে হাইওয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার আট কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।
মীর মনির হোসেন বর্তমানে এসআরবি-৮-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তৎকালীন র্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
র্যাবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ, হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়ার কারণে আলোচনায় আসেন তিনি।
মীর মনির হোসেন ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনীতে তার বেশ সুনাম রয়েছে।