বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ রং-ফ্লেভার ব্যবহারের অভিযোগে ‘গ্রীন এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’ নামের একটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়ায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করে খাদ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে।
এ ছাড়া মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রং ও ফ্লেভার ব্যবহার, প্রস্তুতকৃত খাদ্যে ব্যাচ নম্বর উল্লেখ না করা এবং খাদ্য উপাদান হিসেবে ব্যবহৃত রাসায়নিক সম্পর্কে মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ও পাওয়া যায়।
একই সঙ্গে কারখানার খাদ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না বলেও অভিযানকালে প্রতীয়মান হয়।
এসব অপরাধে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পাশাপাশি এসব বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।