বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টায় খানপুর আশ্রম প্রাঙ্গণে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়।
উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মনীন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান মৈত্রেয়, পরিতোষ রায়, জনি মোহন্ত, সৌরভ অধিকারী শুভ, তন্ময় সাহা সাগর ও বাবলু কর্মকার।
সভায় সর্বসম্মতিক্রমে নরোত্তম সরকারকে সভাপতি, গুরুপদ প্রামাণিককে সাধারণ সম্পাদক এবং সঞ্জয় সিংহকে সাংগঠনিক সম্পাদক করে খানপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সভায় খানপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। বক্তব্য দেন আশিস রায়, অসিত সরকার, হৃদয় রায়, জীবন গোস্বামী, সুরেন্দ্র সিংহ, গোপেশ হাওলাদার, নরোত্তম সরকার, গুরুপদ প্রামাণিক, বিদ্যুৎ রায় ও সুদেব রায়সহ অনেকে।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল এবং পূজামণ্ডপগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়।