বগুড়ার শেরপুরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার খোট্টাপাড়া এলাকার মো. জুয়েল রানা (২৮) ও মো. জাহিদুল ইসলাম (৪৮) এবং রামচন্দ্রপুরপাড়া এলাকার দুই নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে—এমন সন্দেহে স্থানীয় কয়েকজন বাসিন্দা সেখানে যান।
তাঁরা মামুন নামের এক ব্যক্তিসহ পাঁচজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।
তবে মামুন দাবি করেন, একটি বিষয় মীমাংসার জন্য তিনি ওই বাসায় গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর জানান, চারজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মামুনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।