জাগরণ’-এর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দর্শকের সামনে এসেছে। বুধবার (৭ অক্টোবর) ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটির প্রথম পর্ব।
প্রথম পর্ব প্রকাশের মাত্র ৩ ঘণ্টা ৩৭ মিনিটের মধ্যেই এটি ১০ লাখ ভিউ অতিক্রম করেছে বলে জানা গেছে। পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নতুন পর্ব।
‘ফিরে আসার গল্প’-এ ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের অভিনয়শিল্পীদের একটি বড় অংশ আবারও একসঙ্গে হয়েছেন। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।
এ ছাড়া ধারাবাহিকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন। প্রায় ১৩ বছর পর একই ধারাবাহিকে অভিনয় করছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিচালনায় দীর্ঘ সময় পর নতুন ধারাবাহিকে দেখা যাচ্ছে জাহিদ হাসানকে।
‘ফিরে আসার গল্প’ নামের মধ্যেই যেন গল্পের মূল আবেগ লুকিয়ে আছে। জীবনের কোনো এক পর্যায়ে মানুষ সম্পর্ক কিংবা অনুভূতির কাছে আবার ফিরে আসতে চায়। সেই ফিরে আসার পথ, টানাপোড়েন ও আবেগকে কেন্দ্র করেই এগিয়েছে ধারাবাহিকটির গল্প।
নাটকটির আবহকে আরও সমৃদ্ধ করতে তৈরি করা হয়েছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত গান এবং অন্য গানটির দুটি সংস্করণ রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।
ধারাবাহিকটির টাইটেল গান ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও ইমরান মাহমুদুল। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
‘ফিরে আসার গল্প’-এর আরেকটি টাইটেল সংস্করণে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। এর আরেকটি সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।
এ ছাড়া ‘প্রেমের কারিগর’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর।