
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬ - ১৮:৪৩
• পঠিত: ৩ বার

মানসম্মত পণ্য উৎপাদন, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বগুড়ায় বিশ্ব মান দিবসের আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, ভোক্তার অধিকার সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে আজ বুধবার (১৪ অক্টোবর) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ৫৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জহুরুল হক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল, বিসিএল টাইলস লিমিটেডের আরিফুল হোসেন আরিফ, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেডের সৌরভ হাসান এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিস্তার রোধে নিয়মিত তদারকি, পণ্যের মান যাচাই এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ জরুরি। পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তাঁরা আরও বলেন, সাশ্রয়ী জ্বালানির ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসরণ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান বজায় রাখতে হবে।
বক্তাদের মতে, পণ্য ও সেবার মান উন্নয়ন ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে সহায়তা করে। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন।
