যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও ‘ইয়ূথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ ও যুব সংগঠনগুলোর মাঝে চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যা সাতটায় একযোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি (ভিডিও কনফারেন্স) প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
অনুষ্ঠানটির কেন্দ্রবিন্দু জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা প্রশাসন, কুড়িগ্রামের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় সুধীজন ও প্রশাসনের কর্মকর্তা-প্রতিনিধিরা সরাসরি যুক্ত হন।
চলতি বছর কুড়িগ্রাম জেলার ১০টি উপজেলার প্রতিটিতে একটি করে মোট ১০টি নিবন্ধিত যুব সংগঠনকে সামাজিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ মোট ৭ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়াল এই প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সরকারি কলেজের অধ্যক্ষ ড.
মো. আনোয়ার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি শফি খান, সাধারণ সম্পাদক
মাহফুজার রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ইয়ূথ ভলান্টিয়ার সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ভার্চ্যুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’
তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর তখনই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি যুবসমাজকে দেশের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে মানবিক ও সমাজসেবামূলক কাজে তরুণদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।