বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজনগর পূর্বপাড়া তরুণ সংঘের আয়োজনে শারদ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিরাজনগর পূর্বপাড়া মন্দির প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।
তরুণ সংঘের সভাপতি উজ্জল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কার্তিক সরকারের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ, আহ্বায়ক কমিটির সদস্য ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, তপন ব্যানার্জী, তন্ময় সাহা সাগর, সাংবাদিক সৌরভ অধিকারী শুভ ও জন্মজয় সরকার।
এ ছাড়া বিশালপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উৎসব। এ ধরনের সংগীতানুষ্ঠান ধর্মীয় আবহের পাশাপাশি বাঙালির সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরে। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিশালপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।