বগুড়ার সাতমাথায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক।
বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্র গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এক ব্যক্তিকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে বাজারের দিকে যেতে দেখা যায়। পরে ওই ব্যক্তির ছবি দেখে পরিচয় শনাক্ত করা হয়। এরপর গাবতলী থানা-পুলিশ অভিযান চালিয়ে রাদিয়াদ হুসাইনকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাদিয়াদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে করা দুটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশের নথি অনুযায়ী, ২০২২ ও ২০২৪ সালে গাবতলী থানায় এবং ২০২৪ ও ২০২৫ সালে বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, রাদিয়াদকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হবে।