বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেওয়ার ঘটনায় মো. গোলাম রব্বানী (৩৩) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পুলিশ সদর দপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে ছোনকা ওভারপাসের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোলাম রব্বানীকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি ছোনকা ওভারপাসের সংযোগস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সজোরে সড়ক বিভাজকে আঘাত করে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পেছনের আসনে থাকা গোলাম রব্বানী ঘটনাস্থলেই মারা যান।
গাড়িতে থাকা অন্য আরোহীরাও আহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে নিহতের সঙ্গে থাকা পুলিশের দাপ্তরিক পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে।
তিনি আরও জানান, নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।