ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে পরিত্যক্ত পাত্র, ফুলের টব এবং ড্রেনে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এসব স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অভিযানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তাপস কুমার প্রধানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তাঁরা উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বাড়িঘর, আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি ফুলের টব, বালতি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও অন্যান্য পাত্রে পানি জমতে না দেওয়া এবং ড্রেন পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা। বাড়ির ভেতরে কিংবা আশপাশে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
উপজেলা পরিষদ চত্বরে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বার্তা দেওয়া হয়। ডেঙ্গুর ঝুঁকি কমাতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।