ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৫৪৮ মেধাবী ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে জাইমা রহমানের ছবি সংবলিত পানির মগ বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, নারীশিক্ষার প্রসার, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাইসাইকেল পেয়ে ছাত্রীদের যাতায়াতের ভোগান্তি কমবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়বে বলে আশা তাঁদের।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আগেও বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ছিল দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ, চিকিৎসাসেবা ও চক্ষু চিকিৎসা কার্যক্রম। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নারীশিক্ষার উন্নয়ন এ কর্মসূচির মূল লক্ষ্য। আজকের ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। মেয়েরা যাতে নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে এবং নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চবিদ্যালয় মাঠে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের দাবি, দুই দিনে প্রায় চার হাজার মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে। এর আগে প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
চক্ষু চিকিৎসা কার্যক্রমে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দলটি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছেন।
নিজ নির্বাচনী এলাকার মানুষের চক্ষু সমস্যার সমাধানে পর্যায়ক্রমে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম এবং প্রতিমন্ত্রীর মেয়ে মীর সামারা সুনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে ব্যারিস্টার জাইমা রহমান ও জিয়া পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।