বগুড়ার গাবতলী উপজেলার কাগইল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পোড়া তেলে খাবার ভাজা ও উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে স্বর্ণা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বেকারিটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেকারিটির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি ও সিঙারা তৈরি করতে দেখা যায়। এ ছাড়া পোড়া তেলে সিঙারা ও বুন্দিয়া ভাজা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিস্কুট ও কেক বাজারজাত এবং খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
কারখানার কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে আনুমানিক ৩০ লিটার পোড়া তেল ও ২৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি চিহ্নিত অনিয়মগুলো সংশোধনের জন্য প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না করলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।