
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬ - ১৬:১১
• পঠিত: ৪ বার

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে একটি কলেজে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাসের খাতায় নাম লেখাতে পারেননি একজনও।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য।
শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ, একই উপজেলার বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং একই উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।
প্রাপ্ত তথ্যানুযায়ী, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। বাগবাড়ি মডেল মহিলা কলেজের তিনজন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন করে পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছেন।
অন্যদিকে, আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তিনিও অকৃতকার্য হয়েছেন।
ফলে বগুড়ার এই পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানেই পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।





