সাংবাদিককে হয়রানি, অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগসহ কয়েকটি বিষয় উল্লেখ করে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে বলা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে অশালীন বক্তব্য, হুমকি, অশালীন অভিনয় ও অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই—এমন আপত্তিকর দৃশ্য বা উপস্থাপনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র কিংবা অন্য কোনো মাধ্যমে এসব বিষয় প্রচার না করার কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে।
নোটিশে আরও বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেছেন আইনজীবী।
আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশে অভিযোগ করেন, পরীমণির বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক অস্থিরতা তৈরি করছে এবং দেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে তাঁর কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
তবে এসব বিষয় আইনি নোটিশে উত্থাপিত অভিযোগ ও দাবির ভিত্তিতে প্রকাশিত; এগুলো আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।