মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও তৃতীয় দিনে আবারও ঘুরে দাঁড়িয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি। একই দিনে আয়ের হিসাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’কেও পেছনে ফেলেছে ছবিটি।
বক্স অফিসের হিসাব নিয়ে কাজ করা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিন শনিবার ভারতের বাজারে সিনেমাটির নেট আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। এতে প্রথম তিন দিনে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি। দেশটিতে সিনেমাটির মোট গ্রস আয় ২১৮ কোটি ২৫ লাখ রুপি।
আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ‘রামায়ণ’। তৃতীয় দিনে বিদেশের বাজার থেকে ছবিটি আয় করেছে ৬০ কোটি রুপি। এতে বিদেশে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৫৭ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।
ভাষাভিত্তিক আয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে হিন্দি সংস্করণ। তৃতীয় দিনে ১৯ হাজার ৯২৭টি প্রদর্শনী থেকে হিন্দি সংস্করণ আয় করেছে ৫৩ কোটি রুপি। কন্নড় সংস্করণ ৯০৭টি প্রদর্শনী থেকে আয় করেছে ৬ কোটি ৩০ লাখ রুপি। এ ছাড়া ১ হাজার ৫৮৬টি প্রদর্শনী থেকে তেলুগু সংস্করণে ৬ কোটি এবং ৫৯৩টি প্রদর্শনী থেকে মালয়ালাম সংস্করণে ২ কোটি রুপি আয় হয়েছে।
মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে সিনেমাটির আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। তবে দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। দীপাবলিকেন্দ্রিক ব্যস্ততার কারণে দ্বিতীয় দিনের আয়ে প্রভাব পড়েছিল বলে জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, উৎসবের আগের ব্যস্ততা দর্শক উপস্থিতি কমালেও সন্ধ্যার প্রদর্শনীগুলোতে ভালো সাড়া পাওয়া যায়।
তৃতীয় দিনের আয়ের কারণে ‘রামায়ণ’কে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ তৃতীয় দিনে ভারতের বাজারে ৬৯ কোটি ১০ লাখ রুপি আয় করেছিল। অন্যদিকে একই দিনে ‘রামায়ণ’-এর আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ ৭০ লাখ রুপি বেশি আয় করে এই হিসাবে ‘আদিপুরুষ’কে ছাড়িয়ে গেছে সিনেমাটি।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। মুক্তির আগে আন্তর্জাতিক পর্যায়েও সিনেমাটির প্রচারণা চালানো হয়। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে ও লারা দত্তসহ আরও অনেকে।
প্রথম তিন দিনের আয়ের পরিসংখ্যান সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতেও বক্স অফিসে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না ‘রামায়ণ: পার্ট ওয়ান’।