
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬ - ১৫:১০
• পঠিত: ৪ বার

বগুড়ার শাজাহানপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শাজাহানপুর উপজেলার কাজলগৌরী গ্রামের মো. মুন্নাফ হোসেন ওরফে তানসেন (২৮) এবং খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলহাজ্ব মো. আবু তালেব (৪৫)। মুন্নাফ হোসেন ওই গ্রামের মো. জলিলুর রহমানের ছেলে এবং আবু তালেব গয়নাকুড়ী গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।
এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, কাজলগৌরী এলাকায় কয়েকজন ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেন্স লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করছিলেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে মুন্নাফ হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি-১২ কর্তৃপক্ষ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।





