
স্টাফ
রিপোর্টার
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬ - ১৫:২
• পঠিত: ৬ বার

আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এদিন জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরকালে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। এ সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
তিনি আরও জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও শুরু করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। সফরকালে প্রধানমন্ত্রী এ সড়ক প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।
মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মোকামতলা ও আশপাশের এলাকায় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তবে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি সবকিছু ঠিক থাকার ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন তিনি।





