
শেরপুর বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬ - ১৫:৬
• পঠিত: ৬ বার

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইস্তিয়াক রনি (২২), সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম রেজা (৫২) এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদ রানা (২৯)।
শেরপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে শেরপুর পৌরসভার ধুনট মোড় এলাকা থেকে ইস্তিয়াক রনিকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সুঘাট ইউনিয়নের জোড়গাছা বাজার এলাকা থেকে সেলিম রেজাকে গ্রেপ্তার করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। একই সময়ে মির্জাপুর বাজার থেকে শহিদ রানাকে গ্রেপ্তার করেন এসআই মো. মোসলেম উদ্দিন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ১৫ নভেম্বর গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য মো. হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের মামলার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





