কিশোরগঞ্জে ঘোষণার অনুষ্ঠান

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬ - ১৬:৫৭
• পঠিত: 9 বার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত ইউনিয়ন ও পরিবেশবান্ধব গ্রাম ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মাগুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘোষণার অনুষ্ঠান আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় কিশোরগঞ্জ এডিপির আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার শুক্লা অধিকারী,উপজেলা একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতা, ভিডিএস, ইমুথ ভিজিলেন্স গ্রুপ, যুব ও শিশু ফোরাম এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধ, পরিবেশ সুরক্ষা এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা বলেন, বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন গড়ে তোলা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং পরিবেশবান্ধব সমাজ প্রতিষ্ঠায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাগুড়া ইউনিয়নে শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।






