
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ৭:৯
• পঠিত: ৭ বার

চলতি বছর ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।
সোমবার (২৩ নভেম্বর) হারেৎজের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত ও রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা ১৭ জন সাবেক সেনা আত্মহত্যা করেছেন। তাদের সবাই গাজা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে আত্মহত্যার সময় তারা আর সক্রিয় সামরিক দায়িত্বে ছিলেন না। এ ছাড়া চলতি বছরে দেশটির পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।
ক্রমবর্ধমান এসব মৃত্যুর ঘটনা ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যে গভীর মানসিক স্বাস্থ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় পরিচালিত সামরিক অভিযানের দীর্ঘমেয়াদি মনস্তাত্ত্বিক প্রভাব মোকাবিলায় দেশটির সেনাবাহিনীকে হিমশিম খেতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হারেৎজের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর আগে এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সক্রিয় দায়িত্বে থাকা সাতজন সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২।
তবে সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যানে আত্মহত্যার প্রকৃত চিত্র পুরোপুরি উঠে আসেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। কারণ, সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর আত্মহত্যা করা সাবেক সেনাদের অনেকের তথ্য এসব হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর জনবলবিষয়ক অধিদপ্তরের এক কর্মকর্তা হারেৎজকে জানিয়েছেন, অতীতে আত্মহত্যার কিছু ঘটনা কর্তৃপক্ষের নজর এড়িয়ে যেতে পারে। তবে আত্মহত্যার সংখ্যা বাড়ছে—এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।
হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা গবেষণাকেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, বিশেষ করে ২০২৬ সাল ও পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা রিজার্ভ সেনাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি বাড়তে পারে। তার মতে, আগামী বছরগুলো এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং পরিস্থিতি আরও গুরুতর রূপ নিতে পারে।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছর আত্মহত্যা করা ১৭ জন সাবেক সেনার মধ্যে ১০ জনের মৃত্যুর সঙ্গে সামরিক দায়িত্বের যোগসূত্র থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। আরেকটি ঘটনা এখনো পর্যালোচনাধীন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর আত্মহত্যা করা সক্রিয় দায়িত্বে থাকা অধিকাংশ সেনা এর আগে কোনো মানসিক স্বাস্থ্যসেবা নেননি।
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব, সামরিক অভিযানের চাপ এবং যুদ্ধ-পরবর্তী মানসিক ট্রমা ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ সময়ে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের বড় অংশ নারী ও শিশু।
এদিকে ইসরায়েল গাজার বাইরেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। লেবানন, ইয়েমেন, কাতার ও সিরিয়াকে ঘিরে দেশটির সামরিক তৎপরতা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।
সূত্র: হারেৎজ, তাসনিম নিউজ।





