
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ৭:২২
• পঠিত: ৮ বার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা ও রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে রাতভর পাহারার ঘোষণা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেওয়ার প্রস্তুতি নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে তারা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান জানান দেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকার কথাও জানান তারা।
এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।
এদিকে সীমান্তের নিরাপত্তায় ৪৯ বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। রাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে আধুনিক সার্চলাইট ব্যবহার করে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও পাহারার উদ্যোগে এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও সীমান্তকেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে বেনাপোল এলাকায় সতর্ক অবস্থান বজায় রয়েছে।





