পঞ্চগড়ের নাজিরপাড়া এলাকায় গেলেই চোখে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। রাস্তার দুই পাশের গাছের ডালে ডালে আশ্রয় নিয়েছে হাজারো পাখি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কলকাকলিতে মুখর হয়ে থাকে পুরো এলাকা। দূর থেকে দেখলে মনে হয়, গাছগুলো যেন সবুজ পাতার আড়ালে তৈরি করেছে এক বিশাল পাখির আবাসস্থল।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের বিভিন্ন সময়ে এসব গাছে নানা প্রজাতির পাখি এসে বসবাস করে। ভোরের আলো ফুটতেই শুরু হয় পাখিদের কিচিরমিচির। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবার দল বেঁধে গাছের ডালে ফিরে আসে তারা। পাখিদের এমন অবাধ বিচরণ স্থানীয় পরিবেশকে যেমন প্রাণবন্ত করে তুলেছে, তেমনি পথচারী ও দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে।
স্থানীয়দের মতে, বড় গাছগুলোতে দীর্ঘদিন ধরে পাখিরা নিরাপদ আশ্রয় পেয়ে আসছে। গাছ কাটার প্রবণতা কমানো এবং পাখিদের আবাসস্থল সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে এ এলাকায় আরও বেশি পাখির সমাগম হতে পারে।
নাজিরপাড়ার এমন দৃশ্য প্রকৃতি ও পাখিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্টদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশপ্রেমীরা