বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক পার হওয়া এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিচক-গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে কিচক-গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধা দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশের জমিতে পড়ে যায়।
দুর্ঘটনায় ওই বৃদ্ধা সামান্য আহত হয়েছেন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে পড়ে যায়। প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে আছেন।