‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এমরান ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনা এবং নিরক্ষরতা দূরীকরণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।