বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পরিবেশ রক্ষায় ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। নুরে মাদিনা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সাগরপুর জিরো পয়েন্ট-ব্র্যাক বটতলা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ ছাড়া মাদরাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শেরপুর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদরাসার পরিচালক বলেন, শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে পরিবেশ রক্ষা ও মানবিক সেবার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে কাজ করতে চান তাঁরা। একই সঙ্গে বেকারত্ব কমাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
আয়োজকেরা বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে। তাই পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে তালবীজ রোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।