হরিপুরে ৪০ টি স্কুল-কলেজে বেঞ্চ বিতরণ করলেন এমপি ডা. আব্দুস সালাম

সুজন আহম্মেদ
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬ - ৮:৫৮
• পঠিত: 16 বার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠ্য সহায়তা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার আজ ১৫টি এবং আগে ২৫ টি সহ মোট ৪০ টি স্কুল ও কলেজে বেঞ্চ বিতরণ করা হয়েছে। এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বরাদ্দের অর্থায়নে এসব বেঞ্চ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সময় হরিপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে বেঞ্চ তুলে দেন।
বেঞ্চ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রনহাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালডাঙ্গী কে বি কলেজসহ উপজেলার মোট ১৫টি স্কুল ও কলেজ।
অনুষ্ঠানে ডা. মো. আব্দুস সালাম বলেন, শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এডিপির বরাদ্দের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, হরিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






