কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মুশরুত নাখেন্দা নেসাবিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের মেলামাইনের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক এইচ এম কাওছার মাহমুদ সিদ্দিকী উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও আদর্শ জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে মোঃ আমিরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, জাকির হোসেন, মোঃ কাওছার মাহমুদ, মোঃ হারুন অর রশিদ, মোছাঃ রুমা বেগম, মোছাঃ রাহিনা খাতুন ও মোছেলেহা আক্তার, মাদ্রাসার কেশিয়ার মোঃ বাইজিদ বোস্তামি প্রমুখ।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের জন্য তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই এ ধরনের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও পড়াশোনায় আরও মনোযোগী হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।