সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে কলেজভিত্তিক ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ১ম ধাপের ৬৩ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৬৩টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণের বিশেষ সেশনে প্রশিক্ষণার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছ রয়েছে।
নীলফামারী জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং কিশোরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গিরিশ চন্দ্র রায়ের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
চারা বিতরণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। চারা হাতে পেয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তারা নিজ নিজ এলাকায় গাছ লাগানোর পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশিক্ষণার্থীরা বলেন, একটি চারা হাতে তুলে দেওয়ার মাধ্যমে তাদের ওপর পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই ছোট্ট চারাই ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়ে মানুষকে ছায়া, ফল ও নির্মল বাতাস দেবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।