প্রতিযোগিতামূলক গানের রিয়েলিটি শো দিয়েই সুরের ভুবনে পথচলা শুরু করেছিলেন জিনিয়া জাফরিন লুইপা। বিভিন্ন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব পান তিনি। অনেক দিন ধরেই এ ধরনের একটি প্রতিযোগিতার বিচারকের আসনে দায়িত্ব পালন করছেন এই সংগীতশিল্পী।
স্যাটেলাইট চ্যানেল আরটিভি আয়োজিত মিউজিকাল রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার’-এর প্রথম সিজন শেষ হয়ে দ্বিতীয় সিজনেও বিচারকের আসনে দায়িত্ব পালন করছেন লুইপা।
সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর (রোববার) স্টুডিও অডিশন রাউন্ডের শুটিংয়ে অংশগ্রহণ করেন এই গায়িকা। তবে হুট করেই এই প্রতিযোগিতা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়াতে আরটিভি কর্তৃপক্ষ লুইপার বিরুদ্ধে সিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন।
এক বার্তায় তারা জানান, গত ২৭ সেপ্টেম্বর শুটিং শেষে লুইপা জানান, সে আমেরিকার ভিসা পেয়েছেন।
পরের দিনই (২৮ সেপ্টেম্বর) আমেরিকা চলে যাবেন। ফলে লিটল স্টার সিজন-২-এ আর থাকতে পারছেন না। এরপর থেকে সব আয়োজন স্থবির হয়ে পড়ে এবং শুটিং বন্ধ হয়ে যায়। তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, এভাবে হঠাৎ মাঝপথে শো ছেড়ে চলে গেলে আয়োজক প্রতিষ্ঠান চরম আর্থিক ও নানামুখী ক্ষতির মুখে পড়বে। কিন্তু তিনি আমাদের অনুরোধ রাখেননি।
এ ব্যাপারে জানতে লুইপার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। আয়োজক প্রতিষ্ঠান জানান, অনুষ্ঠানটি এই আকস্মিক পরিস্থিতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পুরো বিষয় নিয়ে আরটিভি কর্তৃপক্ষ পরবর্তী কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে আলোচনা চলছে এবং শিগগিরই সিদ্ধান্ত জানাবেন বলে জানান।