যৌতুকের দাবিতে জয়পুরহাটে গৃহবধূকে দাহ্য পদার্থ নিক্ষেপ শরীরের স্পর্শকাতর জায়গা পুরিয়ে গেছে ।
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার (২৬) নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতেই এই ঘটনা ঘটেছে।
জয়পুরহাট সদর উপজেলার কয়রাপাড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে সাবেকুন নাহার। গত প্রায় ২ বছর আগে তার বিয়ে হয় পাঁচবিবি উপজেলার খাসবাট্টা তৈফিকপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে সাজু মিয়ার সঙ্গে। তাদের ঘরে এখন সারে ৩ মাস বয়সী ছেলে সন্তান আছে।
স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সাবেকুনের ওপর চাপ সৃষ্টি করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর রাতে তার গায়ে গরম পানি অথবা দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয় বলে অভিযোগ দগ্ধ সাবেকুন নাহার।
গুরুতর দগ্ধ অবস্থায় সাবেকুনকে হাসপাতালে ভর্তি করা হয়। গত পাঁচ দিন ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনরা।ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাবেকুনের পরিবার।
ডা: মুর্শিদা পারভীন জলি জানান যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর এমন নির্যাতনের অভিযোগে গরম পানি নাকি অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীর অবস্থা আশংকাজনক বলে জানায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান ঘটনার পর এখনও পর্যন্ত পরিবারে পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
জয়পুরহাটে ৪ বিএনপি নেতাকে হত্যার হুমকি
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে একটি খামের ভেতর পাওয়া চিরকুটে চার বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
লাল কালিতে লেখা ওই চিরকুটে চার নেতার নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘হত্যা করা হবে সময় ১৫ দিন।’ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় চিরকুটটি পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি জব্দ করেছে।
হুমকির শিকার নেতারা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং বিএনপি নেতা হেলাল হোসেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় পরিষ্কার করছিলেন দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম। এ সময় তিনি একটি খাম দেখতে পান। খামটি খুললে পলিথিনে মোড়ানো একটি চিরকুট পাওয়া যায়। লাল কালিতে লেখা চিরকুটটির ওপর চার নেতার নাম উল্লেখ করে নিচে লেখা ছিল, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ তবে কে বা কারা চিরকুটটি সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু জানন , দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম কার্যালয় পরিষ্কার করার সময় চিঠিটি পেয়ে আমাদের জানান। আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। পুলিশ এসে চিঠিটি নিয়ে গেছে। কেউ মশকরা করেছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ বলেন, চিঠি দিয়ে হুমকির ঘটনা এর আগে কখনও ঘটেনি। আমরা আইনগত ব্যবস্থা নেব।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান , ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে চিরকুটটি জব্দ করেছে। ঘটনার পর থেকে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।