সৌদি আরব এবং পবিত্র হারামাইন শরিফাইন বিশেষ করে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে হুতি সম্প্রদায়ের অন্যায় আক্রমণ ও আগ্রাসনের বিরুদ্ধে সিরাজগঞ্জে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া আহলে হাদীস জামে মসজিদে জু'মার নামাজ শেষে মসজিদ সংলগ্ন রাস্তায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার সেক্রেটারি জেনারেল শাইখ আব্দুল খাবীর মাদানী নেতৃত্বে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল শাইখ আব্দুল খাবীর মাদানী বলেন, পবিত্র হারামাইন শরিফাইন বিশ্ব মুসলিমের আবেগ ও ঐক্যের প্রতীক। মক্কা ও মদিনার পবিত্র ভূখণ্ডে যেকোনো ধরনের আক্রমণ ও আগ্রাসন সমগ্র মুসলিম উম্মাহর ওপর আক্রমণের শামিল।
হুতি সম্প্রদায়ের বিদ্রোহীদের এই অন্যায় ও অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।
এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জমঈয়তে আহলে হাদীসের সদস্য মোঃ শাহজাহান কবির (মুক্ত তালুকদার) বড়বাড়ী আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান আলী, অত্র মসজিদের সভাপতি আনোয়ারুল কবির, মুয়াজ্জিন মোঃ স্বপন আলি, আব্দুল হামিদ,ফরিদ আলীসহ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সিরাজগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় আলেম-ওলামাসহ সাধারণ তৌহিদী জনতা অংশ নেন। সমাবেশ থেকে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে একত্রিত হয়ে পবিত্র স্থানসমূহের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।