নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে উত্তরা কোল্ড স্টোরের সামনে ৮ অক্টোবর (বৃহস্পতিবার) মানববন্ধন করেছেন এলাকার শতাধিক আলু চাষী ও ব্যবসায়ী। উত্তরা কোল্ড স্টোরের অনিয়ম-অতিরিক্ত ভাড়া আদায়, নষ্ট আলুর ক্ষতিপূরণ না দেওয়া এবং চাষিদের হয়রানির অভিযোগ তুলে ধরে এ কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি সরকার আলু সংরক্ষণের জন্য প্রতি ৫০ কেজির বস্তায় (৫.৭৫ টাকা প্রতি কেজিতে) হারে ভাড়া নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু কোল্ড স্টোর কর্তৃপক্ষ সেই হার উপেক্ষা করে ৮ টাকা বা তারও বেশি আদায় করছে বলে চাষিরা অভিযোগ করেন। এছাড়া সংরক্ষিত আলু বের করার সময় অনেক আলু নষ্ট হয়ে যাচ্ছে, অথচ নষ্ট আলুর কোনো দায়িত্ব বা ক্ষতিপূরণ নিচ্ছে না কোল্ড স্টোর কর্তৃপক্ষ।
চাষিরা বলেন, এবার উৎপাদন খরচ বেড়েছে। তার ওপর সংরক্ষণের নির্ধারিত নিয়ম না মেনে কোল্ড স্টোর মালিক ও দায়িত্বশীলরা বিভিন্নভাবে চাষিদের জিম্মি করে, হয়রানি করে এবং নাজেহাল করছেন।
অভিযোগ করেও প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার না পেয়ে তারা আজ একত্রিত হয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া চাষিরা আরও অভিযোগ করেন যে, কোল্ড স্টোরকে কেন্দ্র করে একশ্রেণির দালালচক্র গড়ে উঠেছে। এই চক্রের হাতে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন। প্রতিবাদ করলে আরও নির্যাতনের মুখে পড়তে হয় বলেও তারা দাবি করেন।
তাদের মূল দাবি—সরকার নির্ধারিত হারে (৫.৭৫ টাকা প্রতি কেজি, ৫০ কেজির বস্তায়) ভাড়া আদায় করতে হবে, নষ্ট আলুর ক্ষতিপূরণ দিতে হবে এবং দালালচক্র ও হয়রানি বন্ধ করতে হবে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান না পাওয়ায় আজকের এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান চাষীরা।