নিজস্ব প্রতিবেদকঃপাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "মমতাজ রাজিয়া মানব উন্নয়ন সংস্থার" উদ্যোগে ও নিরাপদ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভাঙ্গুড়া উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত মমতাজ রাজিয়া মানব উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিনামূল্যের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে অর্ধ শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রেসক্রিপশন প্রদান করা হয়। সেই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন চিকিৎসকরা। এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় মানুষ ও সাধারণ রোগীরা।
উপকার ভোগি শেখ সাখাওয়াত হোসেন বলেন, এ মহতি সেবামূলক উদ্যোগটি সত্যি প্রশংসনীয় কাজ। আগামীতেও প্রতিষ্ঠানটি মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি।
মমতাজ রাজিয়া মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ডা. মো. মাহমুদুল হাসান মিন্টু বলেন, এলাকার সন্তান হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমরা সমাজের জন্য কিছু করতে চাই। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।