বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার উনাহত সিংড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে কমিটি বিলুপ্তির পর ব্যাংক থেকে ৩ লক্ষ ৯০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
আবেদন সূত্রে জানা যায়,উনাহত সিংড়া আলিম মাদ্রাসার কমিটি ২৯ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটি বিলুপ্তির পরদিন ৩০ সেপ্টেম্বর মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল সরদার ও পরিচালনা পর্ষদের সভাপতি হারুন রশিদ যোগসাজশে দুটি চেকের মাধ্যমে ব্যাংক থেকে তিন লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। অর্থ উত্তোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নিবার্হী অফিসারের কাছে লিখিত আবেদন করেন মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য লুৎফর রহমান।
আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
অধ্যক্ষ রেজাউল সরদার টাকা উত্তোলনের বিষয়ে জানান, ছাত্রীদের নামাজ আদায়ের স্থান ও গেটের টাইলস লাগানোর কাজের জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বলেন, মাদ্রাসার কমিটি বিলুপ্ত হওয়ার পরও ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।