নওগাঁর পত্নীতলা উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলা প্রশাসন, পত্নীতলা এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নজিপুরের নূরজাহান ফিলিং স্টেশনে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পালশা এলাকার মামুন ফিলিং স্টেশন ও হাজী-২ ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পত্নীতলা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এ. জেড. এম. নাহিদ হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে ভোক্তাদের সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।