বগুড়ার শাজাহানপুর উপজেলায় ফসলি জমি থেকে ভানু বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খাউড়া এলাকায় একটি ফসলি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত ভানু বেগম উপজেলার জালশুকা দহপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার স্ত্রী। তিনি গাবতলী উপজেলার নিজগ্রামের আনিছার রহমানের মেয়ে।
পুলিশ জানায়, ভানু বেগমের শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগ রয়েছে। বৈদ্যুতিক শক অথবা গরম পানি শরীরে পড়ার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে পোড়া চিহ্ন রয়েছে। বৈদ্যুতিক শক বা গরম পানি থেকে সাধারণত এ ধরনের চিহ্ন হতে পারে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।