
স্টাফ
রিপোর্টার
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬ - ১৭:১৬
• পঠিত: ৩ বার

রাজধানীর কুড়িলে অবস্থিত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে খাবারের স্বাদ ও সংগীতের মেলবন্ধনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্য ও আভিজাত্যের আবহে সাজানো এ উৎসবের প্রথম পর্বে থাকছে সুফি সংগীতের পরিবেশনা। ‘সুফি মিউজিক এডিশন’ শিরোনামের এ আয়োজনে সরাসরি সংগীত পরিবেশনার পাশাপাশি উপভোগ করা যাবে মুঘল ঐতিহ্যের রাজকীয় খাবার।
কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এ আয়োজন। এতে সংগীতপ্রেমীদের পাশাপাশি ভোজনরসিকদের জন্যও থাকছে ভিন্নধর্মী অভিজ্ঞতা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুফি সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। আট সপ্তাহের এ আয়োজনে পর্যায়ক্রমে বাংলা ও হিন্দি গান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শাস্ত্রীয় সংগীত, পিয়ানো ও ভোকাল পরিবেশনা এবং লোকসংগীতের আয়োজন থাকছে।
উৎসবের পরবর্তী আয়োজনের সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর পরিবেশিত হবে রবীন্দ্রসংগীত। ১৩ নভেম্বর থাকবে নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গান। ২০ নভেম্বর নজরুলগীতি এবং ২৭ নভেম্বর পরিবেশিত হবে কালজয়ী বাংলা গান। এ ছাড়া ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীত বা ফোক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
আয়োজকদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী খাবার ও বৈচিত্র্যময় সংগীতের এ সমন্বিত আয়োজন রাজধানীর সংগীতপ্রেমী ও ভোজনরসিকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে।
আয়োজন উপভোগ করতে আগ্রহীদের অগ্রিম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।





