
ধুনট বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ - ১১:৭
• পঠিত: ৫ বার

বগুড়ার ধুনটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৪৫ বছর বয়সী এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বড় বোন।
অভিযুক্ত জিয়ারুল ইসলাম (৪৫) ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের সাত্তার আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর দিনমজুর বাবা-মায়ের বাড়ির পাশেই অভিযুক্ত জিয়ারুল ইসলামের বাড়ি। প্রতিবেশী হওয়ায় জিয়ারুলের বাড়িতে যাতায়াত ছিল কিশোরীর। এই সুযোগে গত ১০ এপ্রিল দুপুরে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে আরও বলা হয়, ভয়ে কিশোরী বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করেনি। পরবর্তী সময়ে প্রায় এক মাস ধরে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি কিশোরীর শারীরিক অসুস্থতা দেখা দিলে গত ৮ নভেম্বর পরিবারের সদস্যরা তাকে ধুনট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আলট্রাসনোগ্রামে কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) সকালে কিশোরীর বড় বোন বাদী হয়ে জিয়ারুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





