
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ - ১৪:৫৮
• পঠিত: ৫ বার

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এসব প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী বগুড়া সফরে এসে করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বগুড়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। জেলার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফর প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়ায় আসতে পারেন। এ সফরে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করার কথা রয়েছে। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর সুফল পেতে সময়ের প্রয়োজন। একসময় উন্নয়ন বগুড়ার মানুষের প্রত্যাশা পূরণ করবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, জেলার উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন। বিভাজন ভুলে বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দৈনিক বগুড়ার প্রকাশক ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





