হোম/সংবাদ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬ - ৮:৩৬

• পঠিত: 21 বার

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা



বগুড়া সদর উপজেলায় সাইফুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের বাঘোপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার আশোকোলা পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং দুইবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে সাইফুল ইসলাম বাঘোপাড়া বন্দর মোড় এলাকায় চা পান করতে যান। পরে বাড়ি ফেরার পথে বাঘোপাড়া ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় রমজান ও নিঝুম নামে দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতের স্বজনদের দাবি, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব মিয়া বলেন, তারা বন্দর মোড় থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন। পথে রমজান ও নিঝুম তাদের গতিরোধ করেন। পরে তারা সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তাকে ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

নিহতের ভাতিজি মোছা. শারমিন খাতুন বলেন, তার চাচা দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। বিভিন্ন সময় সালিশ-বৈঠকে দায়িত্ব পালন করায় কারও সঙ্গে তার বিরোধ থাকতে পারে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সাইফুল ইসলামের মরদেহ দেখতে পায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

ওসি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।