
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ - ০:২৯
• পঠিত: ৯ বার

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে যুক্ত হলেও তাকে সরাসরি ভিডিওতে দেখা যায়নি। বরং তিনি ভয়েস কলের মাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন। কেন তিনি ভিডিওতে যুক্ত হচ্ছেন না, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন।
সাক্ষাৎকারে উপস্থাপক জানতে চান, শেখ হাসিনার ভিডিওতে লাইভে না আসা কি দলীয় সিদ্ধান্তের কারণে?
জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন, এটি দলীয় কোনো সিদ্ধান্ত নয়, বরং শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন বা কবে ভিডিওতে সরাসরি উপস্থিত হবেন, তা তার নিজের বিষয়।
আরাফাত বলেন, আপাতত শেখ হাসিনা ভয়েস কলের মাধ্যমেই যুক্ত হয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। যখন তার ইচ্ছা হবে, তখন তিনি ভিডিওতে আসবেন। আর বাংলাদেশে ফিরলে তখন সরাসরি প্রকাশ্যে দেখা যাবে।
এদিকে শেখ হাসিনার ভিডিওতে উপস্থিত না হওয়ার সঙ্গে নিরাপত্তার কোনো বিষয় জড়িত কি না, কিংবা ভারতে অবস্থানের কারণে ভারত সরকার তাকে ভিডিওতে আসতে নিষেধ করেছে কি না—এমন প্রশ্নও করা হয়।
জবাবে মোহাম্মদ এ আরাফাত এসব বিষয়কে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার ওপর এ ধরনের কোনো বিধিনিষেধ নেই। ভিডিওতে না আসার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
সূত্র :এনপিবি নিউজ





